মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ির রামগড়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে পুলিশ। ১৬ আগস্ট রোববার সকালে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’ প্রতিপাদ্যে রামগড় থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে রামগড় পুলিশ বক্সের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা অংশ নেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে সচেতন করা হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানো এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য ও সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
