খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

খাগড়াছড়ি অর্থনীতি পরিবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ১৬ আগস্ট রোববার জেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়।

সকাল ১১টায় জেলা শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যসম্পদ উন্নয়ন ও উৎপাদনে অবদান রাখায় জেলার তিনজন মৎস্যচাষীকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে দক্ষিণ খবংপুড়িয়ার সৃজন চাকমা, কার্পজাতীয় মাছ উৎপাদনে রামগড়ের হাতিরখেদা এলাকার মো. সেলিম এবং মাছের পোনা উৎপাদনে তাইন্দং বাজারপাড়ার সুরুজ মিয়া।

জেলা মৎস্য দপ্তর জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বাড়ানো, আধুনিক মাছ চাষ প্রযুক্তি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা বলেন, পাহাড়ি অঞ্চলের জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো সম্ভব। এজন্য মৎস্যচাষীদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

আয়োজকদের আশা, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িতে মাছের উৎপাদন বৃদ্ধি, চাষীদের স্বাবলম্বী করা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় আরও গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *