গুইমারায় র‍্যালি ও পোনা অবমুক্তের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু

অর্থনীতি খাগড়াছড়ি গুইমারা 🎓 শিক্ষা

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। ১৬ আগস্ট রোববার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয়।

সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা।

অনুষ্ঠানে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি নুর হোসেন, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গুইমারায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৭ আগস্ট মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় গুইমারা বাজারের জনবহুল এলাকায় মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এ ছাড়া ১৮ আগস্ট গুইমারা কলেজিয়েট হাই স্কুলে মৎস্যবিষয়ক রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *