হলাপ্রুসাই মারমা :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কংচাইরী পাড়ার মায়াবিনী লেকে কমিউনিটিভিত্তিক পর্যটন (সিবিটি) কার্যক্রম ও কমিউনিটি স্যুভেনির শপের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যটন বিকাশের পাশাপাশি জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার মায়াবিনী লেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জাবারাং যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। স্বাগত বক্তব্য দেন মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমা।
আরেক্সিয়াস চিসামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম এবং প্রোগ্রেস প্রকল্পের সমন্বয়ক পাইয়ুমং চৌধুরী বাবুসহ মায়াবিনী লেক কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ কার্যক্রমে সহযোগিতা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশে পরিচালিত প্রোগ্রেস প্রকল্প।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কমিউনিটিভিত্তিক পর্যটন চালুর ফলে স্থানীয় জনগোষ্ঠীর পর্যটন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি কমিউনিটি স্যুভেনির শপের মাধ্যমে স্থানীয় পণ্যের বিপণন, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ পানছড়ির পর্যটন খাতের বিকাশ এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আগে অতিথিরা মায়াবিনী লেকে গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় নৃত্যশিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
