জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট রোববার দুপুরে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ২ হাজার, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে ২ হাজার এবং মাটিরাঙ্গা মডেল মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজে আরও ২ হাজার চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে আরও উৎসাহিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল আবছার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আবুল খায়ের, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যাও জরুরি। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও ছড়িয়ে পড়বে।
চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় এসব গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
