প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে স্যাম (Severe Acute Malnutrition-SAM) ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোববার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবেক দেব। এ ছাড়া ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্যাম ইউনিটের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তারা আরও জানান, শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি স্যাম ইউনিটের সক্ষমতা বাড়াতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
