মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে দীঘিনালা থানা পুলিশ। ৬ আগস্ট বৃহস্পতিবার পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির এলাকার একটি চায়ের দোকানের সামনে প্রায় ১০ বছর বয়সী এক শিশুকে দীর্ঘ সময় একা বসে থাকতে দেখেন স্থানীয়রা। শিশুটি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে না পারায় স্থানীয় বাসিন্দা মো. সুজন তাকে দীঘিনালা থানায় নিয়ে যান।
পরে পুলিশ শিশুটির পরিচয় শনাক্ত করে জানতে পারে, তার নাম মো. আরমান হোসেন (১০) এবং তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীডালা এলাকায়। বৃহস্পতিবার সকালে শিশুটির মা মোসা. আমেনা আক্তার থানায় এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ছেলেকে বুঝে নেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিশুটিকে দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে পুলিশ স্বস্তি বোধ করছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় দীঘিনালা থানা পুলিশের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
