খাগড়াছড়িতে পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর পরিবেশ

নাঈমুল ইসলাম ভূঁইয়া :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি শহরের বাজার এলাকা ও আশপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৮ অক্টোবর রোববার খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এ বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় তিনি পাহাড়ের সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, তিনি সব সময় জনগণের পাশে থেকে খাগড়াছড়ি শহরের সেবায় কাজ করে যেতে চান। সবাইকে সঙ্গে নিয়ে শহরের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেন কাউকে প্রাণ হারাতে না হয়, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। রোগের লক্ষণ দেখা দেওয়ার পর যথাসময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি।

খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে পরিচালিত এ অভিযানে শহরের বাজার এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *