প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধে জড়িতদের বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ৫ আগস্ট বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, গুম, খুন ও বৈষম্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রতিবাদের বহিঃপ্রকাশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার কাজ করছে। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং এ প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
