ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা । ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলে আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত দুই মাস ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
গ্রাহকদের দাবি, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য ৮০ হাজার টাকা চাওয়া হয়। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এছাড়া আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, ফোন রিসিভ করেন না এবং মিটার না দেখেই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয় বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দ্রুত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন ট্রান্সফরমার আনতে জেলা সদর থেকে পরিবহনসহ কিছু ব্যয় রয়েছে। এছাড়া স্থানীয়দের মধ্যে মতবিরোধও সমস্যা সমাধানে প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
