খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের তিন মাসের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

খাগড়াছড়ি অন্যান্য জাতীয়

আরিফুল ইসলাম মহিন : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় না করার নির্দেশনা দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। ২২ জুলাই বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, এমআরএর ১৩ জুলাই জারি করা নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী তিন মাস ঋণের কিস্তি আদায় সম্পূর্ণ স্থগিত রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে কিস্তি আদায় বা ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর প্রতি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি, ওষুধ সরবরাহ এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, দুর্যোগকবলিত মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং এমআরএর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *