একরামুল হক :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত জানতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার কণার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুমা আক্তার কণা পানছড়ির উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসেবার মান বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা দীপ্ত চক্রবর্তী।
মতবিনিময় সভায় উপজেলার বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং পানছড়ির উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কাবির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার এবং পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নিকোলাস চাকমা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পানছড়ি উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।
