প্রতিনিধি:
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোন। এ ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পান।
ক্যাম্পে সর্দি, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন শীতজনিত ও সাধারণ রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রম চলাকালে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ, পিএসসি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবার কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মো. আজিমুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে শীতের শুরুতে সর্দি, জ্বর ও বিভিন্ন চর্মরোগের প্রকোপ দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পান, সেটিই তাঁদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও সুযোগ ও প্রয়োজন অনুযায়ী দুর্গম এলাকার মানুষের পাশে থেকে এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজনের ফলে দুর্গম এলাকার মানুষ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
