বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ  

অপরাধ রাঙামাটি

প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ১২৪ দশমিক ৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।

৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১২৪ দশমিক ৩৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *