পানছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

অপরাধ খাগড়াছড়ি পানছড়ি

ফাহিম উদ্দিন :

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ টহল অভিযান চালিয়ে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৮৯ দশমিক ৬৯ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

৩০ অক্টোবর শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আকারের ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধার করা এসব কাঠের পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

এর আগে একই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৩৯ টুকরা সেগুন কাঠ, যার পরিমাণ ৩৪ দশমিক ৮৮ ঘনফুট এবং চার টুকরা গামারী কাঠ, যার পরিমাণ ১০ দশমিক ৫৪ ঘনফুট, জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।

অভিযান দুটিতে নেতৃত্ব দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার (সিগন্যাল) মো. শাহীন আল মামুন।

জব্দ করা কাঠের মোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠগুলো পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *