মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🏛️ রাজনীতি

জসীম উদ্দিন জয়নাল : টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত ২৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনে সহায়তা করার লক্ষ্যে এই অর্থ প্রদান করা হয়। ১৭ জুলাই শুক্রবার

সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু উপকারভোগীদের হাতে নগদ সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২৫টি পরিবারের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি এবং পৌরসভার ৯টি পরিবার এ সহায়তা পায়।

আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আকস্মিক বন্যায় তাদের ঘরবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সরকারি এই সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, দেশের যেকোনো দুর্যোগে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই সহায়তা বন্যাদুর্গত পরিবারের ঘরবাড়ি সংস্কার এবং জরুরি প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *