প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২) উপলক্ষে পৌরসভা পর্যায়ের দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী বাছাইকৃত কিশোর-কিশোরীদের নিয়ে মোট ১০টি ইভেন্টে দল গঠন করা হবে। ইভেন্টগুলো হলো ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, দাবা, ভলিবল, সাঁতার, মার্শাল আর্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডি।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়বে এবং ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ সুগম হবে।
