মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দীঘিনালা উপজেলা পিডিবিএফ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ২০ জন সভানেত্রী ও দলনেত্রী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় রাঙামাটি অঞ্চলের পিডিবিএফের উপপরিচালক আমিনুল হক, দীঘিনালা উপজেলা পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক আবু মুসা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমিতি, নিজ এলাকা ও সমাজের দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিতে হবে। দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করতে হবে। পাশাপাশি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অদম্য নারী উদ্যোক্তা পুরস্কার অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
