বৈষম্য বিলোপ আইন প্রণয়নে খাগড়াছড়িতে বিভাগীয় সংলাপ

খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি জাতীয়

প্রতিনিধি: 

বৈষম্যহীন সমাজ গঠন ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে খাগড়াছড়িতে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর সোমবার  খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংলাপে সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থাটির নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম্বাসি অব সুইজারল্যান্ডের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ওয়াসিউর রহমান তন্ময়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

আলোচনায় বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং বৈষম্যের শিকার ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।

তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইন প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকদের মতে, এ ধরনের সংলাপ বৈষম্য বিলোপ আইন বিষয়ে জনমত গঠন, অংশীজনদের মধ্যে মতবিনিময় এবং নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *