প্রতিনিধি:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
১২ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি মেয়েশিশুদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আনোয়ার কবীর, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।
