সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজার সময় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে ভ্রমণের পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসব ও পর্যটন কার্যক্রমকে নিরাপদ করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
