নাঈমুল ইসলাম ভূইয়া :
দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে এর প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ২৫ সেপ্টেম্বর শুক্রবার জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনগুলোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে দলীয় বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ জানাতে দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সন্ত্রাস ও নৈরাজ্যের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও বিশৃঙ্খলা এড়িয়ে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
