লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা উপকরণ বিতরণ

স্বাস্থ্য খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি

প্রতিনিধি:

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট দূর করা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার ১ নম্বর লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উদ্যোগের ফলে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এতে শিক্ষার পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেনাবাহিনীর এ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষা উপকরণ দেওয়ায় তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্টরা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দুর্গম এলাকার জনসাধারণের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *