দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির সহায়তা প্রদান


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন /
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির সহায়তা প্রদান

 

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তনিতা চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

২১ মে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। উপজেলা বিএনপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত অন্তনিতা চাকমাকে দুই বান্ডিল ঢেউটিন ও ৩০ কেজি করে দুই বস্তা চাল তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণ করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক মো. শামসু রানা, সাংগঠনিক সম্পাদক জ্ঞানজ্যোতি চাকমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. এরশাদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সকল নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে সহযোগিতা অব্যাহত রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তনিতা চাকমার পরিবারের দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে ভোররাত ৩টার দিকে কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তনিতা চাকমার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।