খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই পিস্তল গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

অপরাধ খাগড়াছড়ি মাটিরাঙ্গা

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার বিজিবি জানায়, উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি মোবাইল চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়।

বিজিবির দাবি, মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল পিছু নিলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে।

পরে বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হলে দুই আরোহী মোটরসাইকেলটি একটি কালভার্টের নিচে ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যামিনীপাড়া বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা এবারই প্রথম বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *