মোহাম্মদ ইউনুছ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোছড়ি সীমান্তের পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার ভেতরে মিয়ানমারের ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই এলাকায় আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনে পা পড়লে বিস্ফোরণে সাইফুল গুরুতর আহত হন।
ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. সাবেরের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অনেকেই জীবিকা ও বিভিন্ন প্রয়োজনে সীমান্তসংলগ্ন এলাকায় চলাচল করেন। এ কারণে সীমান্তের ওপারে পুঁতে রাখা বিস্ফোরক ও স্থলমাইনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার পর সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
