মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। ২১ জুলাই মঙ্গলবার

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ায় বহু দিনমজুর ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েন। তাদের দুর্ভোগ লাঘবে জরুরি খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না। পাশাপাশি দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তাৎক্ষণিক এই খাদ্য সহায়তা পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত ও শ্রমজীবী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *