প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গুইমারার রামসুবাজারে দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাহাড়ি-বাঙালি অধ্যুষিত প্রত্যন্ত এলাকা থেকে আসা ১০ জন যুবক অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৮ জন পাহাড়ি ও ২ জন বাঙালি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মোটরযান মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক ও কারিগরি দক্ষতা দেওয়া হবে। দুই সপ্তাহের নিবিড় এ প্রশিক্ষণ শেষে তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ তৈরি করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় কারিগরি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
