মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান  

খাগড়াছড়ি পরিবেশ মাটিরাঙ্গা

প্রতিনিধি : 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও বাজার পরিচালনা কমিটি।

১৭ অক্টোবর শনিবার দুপুরে যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী লিটন, ইউনিয়ন বিএনপির দপ্তরবিষয়ক সদস্য এইচ এম হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, তবলছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইমন চৌধুরী এবং তবলছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাজার পরিষ্কার রাখা শুধু পরিচালনা কমিটির দায়িত্ব নয়; ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও এ কাজে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার প্রজননস্থল কমানো সম্ভব। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এক দিনের অভিযানের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।

ইউনিয়ন বিএনপির দপ্তরবিষয়ক সদস্য এইচ এম হেলাল উদ্দিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। যেখানে-সেখানে ময়লা না ফেলা, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *