মো সোহেল রানা: পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় শুরু হয়েছে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দীঘিনালা জোনের উদ্যোগে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মশাররফ হোসেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাবুছড়া মহিলা একাদশ ও বোয়ালখালী মহিলা একাদশ। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বোয়ালখালী মহিলা একাদশকে ৫-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় বাবুছড়া মহিলা একাদশ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদুসহ সংশ্লিষ্ট এলাকার মোট চারটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচ শেষে বিজয়ী বাবুছড়া মহিলা একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
