রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
রামগড় অফিস:
খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সভা করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে রামগড় জোন সদরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।
সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উন্মুক্ত আলোচনায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়মতো অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় জনগণকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
