সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ

সবুজ পাতার ডেস্ক :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা জেলার পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর খাগড়াছড়িবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর কাছে কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং খাগড়াছড়ির মানুষের সেবা করার একটি বড় সুযোগ ও দায়িত্ব। মানুষের কল্যাণে এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ম্রাসাথোয়াই মারমা বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে বিদ্যমান শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। দল-মত ও সম্প্রদায়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে জেলার সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

এ সময় নতুন দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

ম্রাসাথোয়াই মারমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *