মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খাল এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ২৫০ পিস পাহাড়ি গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে জব্দ বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের একটি দল রাত ১১টার দিকে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরুং খাল এলাকায় অভিযান চালায়। এ সময় খালের ভেতরে বিভিন্ন প্রজাতির কাঠ ও বাঁশ অবৈধভাবে মজুত করে রাখা অবস্থায় পাওয়া যায়।
পরে জব্দ করা ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুরুং বন বিটের কাছে হস্তান্তর করা হয়।
ধুরুং বন বিট কর্মকর্তা অবনী কুমার ত্রিপুরা জানান, সেনাবাহিনীর জব্দ করা কাঠ ও বাঁশ বন বিভাগের হেফাজতে নেওয়া হচ্ছে।
বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, পার্বত্য এলাকার বনজ সম্পদ সংরক্ষণ এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কাঠ ও বাঁশ পাচার বন্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
