প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার মহালছড়ি ৬ এপিবিএন ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে ৬ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পাশাপাশি এপিবিএন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধনের পর ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বৃক্ষ পরিবেশে অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাতেও বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন।
পরিবেশ সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা তৈরিতেও পুলিশের ভূমিকা রয়েছে। বৃক্ষরোপণের সঙ্গে গাছের পরিচর্যা ও সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।
কর্মসূচির মাধ্যমে এপিবিএনের সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে মানুষের আগ্রহ বাড়বে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে ৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
