ছানোয়ার হোসেন:
খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রায় তিন সপ্তাহব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ২৫ জন তরুণ অংশ নেন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তরুণদের কারিগরি দক্ষতা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মোবাইল ফোন মেরামতের মতো ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন ও সহযোগিতার জন্য মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
