জসীম উদ্দিন জয়নাল :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি, টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা দায়িত্ব পালন করছে। দুর্গাপূজা উপলক্ষে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।
