মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। ২৪ আগস্ট সোমবার উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচ ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
দীঘিনালা জোনের ৪ বেঙ্গলের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের যাতায়াত ব্যয় ও প্রশিক্ষণের প্রয়োজনীয় উপকরণ সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম এলাকার বেকার যুবকদের দক্ষতা বাড়িয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে মেকানিক্যাল ট্রেডে মো. সাইফুল ইসলাম রুবেল, ইলেকট্রিক্যাল ট্রেডে মো. জাবেদ হোসেন এবং মোবাইল রিপেয়ার বিষয়ে মো. রিপন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
