মোহাম্মদ ইউনুছ : নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার
প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুউদ্দিন খালেদ, সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সহ-সম্পাদক জয়নাল আবেদীন টুকু, তথ্য ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
সভায় প্রথমে আগের মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পরে প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের নির্মাণ অগ্রগতি, গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব, সাংবাদিকদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
