ছানোয়ার হোসেন: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষের গুরুত্ব, জলজ জীববৈচিত্র্য রক্ষা, পুষ্টিকর খাদ্য হিসেবে মাছের ভূমিকা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয় নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতনতা তৈরি, মাছের উৎপাদন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং জলজ পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
