দীঘিনালায় মাদক সেবনের অভিযোগে যুবকের ৫ মাসের সাজা

খাগড়াছড়ি অপরাধ দীঘিনালা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে মো. আজাদ হোসেন (২৭) নামে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে বুধবার রাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তাকে আটক করে পুলিশ। আজাদ হোসেন ছোট মেরুং এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।

পরে দীঘিনালা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পাবভেজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীঘিনালা থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে শান্তি বিনষ্ট করার কারণে ওই যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *