প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বড়পিলাক এলাকার ওই শিশুকে ছনখলা পাড়ার এক যুবক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে।
