মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিনব্যাপী বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর
সোমবার সকালে দীঘিনালা কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) খাগড়াছড়ি ইউনিটের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে রেড ক্রিসেন্ট যুব, দীঘিনালা উপজেলা টিম। প্রশিক্ষণ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক বিষয় ও কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন পদ্ধতি শেখানো হচ্ছে। দুর্ঘটনা, দুর্যোগ কিংবা অন্য কোনো জরুরি অবস্থায় আহত ব্যক্তিকে দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কৌশলগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রাথমিক চিকিৎসার অনুশীলন করানো হচ্ছে। এর ফলে স্থানীয় পর্যায়ে দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং আহতদের তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি জেলা ইউনিটের উপ-যুব প্রধান আব্দুল আল নোমান, বিভাগীয় প্রধান মো. জাহিদুল আলম এবং যুব সদস্য নিধি চাকমা।
প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ব্রাঞ্চের দীঘিনালা ইউনিটের দলনেতা দূর্জয় বড়ুয়া (শান্ত)।
