ছোটন বিশ্বাস: নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এরপর খাগড়াছড়ি পৌর টাউন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীরা ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের কল্যাণে সরকার ও দল কাজ করবে।
আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
