প্রতিনিধি:
খেলাধুলা, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী ‘কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে এতে উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিটের ক্ষুদে স্কাউটরা অংশগ্রহণ করে।
৬ নভেম্বর শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় শিশুরা। এসব আয়োজনের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পায়।
সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার সহসভাপতি আশাপ্রিয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তাসনুভা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা শাখার কমিশনার ইমাম উদ্দিন, সম্পাদক দয়াশান্তি চাকমা, সদর উপজেলা শাখার কমিশনার অনক ত্রিপুরা, সহকারী কমিশনার অরুণ জ্যোতি চাকমা, সম্পাদক কার্নেজী চাকমা, কোর্স চিফ ক্যাহ্লাচাই চৌধুরী, কোষাধ্যক্ষ তাতু মনি চাকমা এবং সহকারী কোর্স চিফ মনিরুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার সহসভাপতি বিম্বিসার খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা ইসলাম। পরে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, কাব হলিডের মতো আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি আনন্দময় পরিবেশে স্কাউটিং কার্যক্রমের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
