বন্যাকবলিত মানুষের পাশে ইউপিডিএফ গণতান্ত্রিকের ত্রাণ সহায়তা

খাগড়াছড়ি দীঘিনালা ব্রেকিং নিউজ

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ গণতান্ত্রিক। ১৩ জুলাই সোমবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শান্তিপুর ও নারিকেল বাগান এলাকায় প্রথম ধাপে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, মোমবাতি, দেশলাইসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সদস্য ও দীঘিনালা উপজেলা সমন্বয়ক বর্ণ চাকমা, উপজেলা সভাপতি এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বর্ণ চাকমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তিনি জানান, জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান মানুষকে বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় পর্যায়ক্রমে প্রায় ৬০০ বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় এসব এলাকার সড়ক, বসতঘর এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *