খাগড়াছড়িতে পিস্তল ঠেকিয়ে কিশোরের মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

অপরাধ খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর

আরিফুল ইসলাম মহিন :

খাগড়াছড়ি জেলা সদরে অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। ১ নভেম্বর রোববার সকাল ৮টার দিকে সদর থানার পাশের সড়কে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের কাছে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরের নাম আবিদ হোসেন অনিক (১৪)। সে খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের আবুল খায়ের ও কহিনুর বেগমের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রোববার সকালে ওই এলাকায় অবস্থান করার সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে এসে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরটি আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগী খাগড়াছড়ি সদর থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানিয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি। তাকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

থানার পাশের এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *