ছানোয়ার হোসেন: ‘শুমারিকর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন’ প্রতিপাদ্যে দেশব্যাপী নৌযান শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। এ সময় খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, জুনিয়র পরিসংখ্যান সহকারী তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের নৌযান খাতের সঠিক চিত্র পাওয়া যাবে। এসব তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত এলাকায় শুমারিকর্মীরা গিয়ে নৌযান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রম ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারা দেশে পরিচালিত হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে পরিচালিত এ শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে শুমারিকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
মহালছড়ি উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় নৌযান শুমারির তথ্য সংগ্রহের জন্য চারজন তথ্য সংগ্রহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জোনাল অফিসার হিসেবে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এসএম নাসির উদ্দীন দায়িত্ব পালন করছেন।
