খাগড়াছড়িতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খাগড়াছড়ি

পুলিশ-জনগণের সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন

 

নাঈমুল ইসলাম ভূইয়া : পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়িতে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. মরতুজা আলী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য।

এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা আরও বলেন, কাবাডির মতো দেশীয় ঐতিহ্যবাহী খেলাকে উৎসাহিত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ বিস্তৃত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে।

চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ম্যাচ দেখতে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর খেলায় দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *