খাগড়াছড়িতে নারী শান্তি ও নিরাপত্তায় UNSCR 1325 বাস্তবায়নে নাগরিক সংলাপ

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর 🏛️ রাজনীতি

প্রতিনিধি: নারীর নিরাপত্তা, মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করে টেকসই শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব ও নাগরিক সমাজের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা।

১০ আগস্ট সোমবার  সকালে খাগড়াছড়ি জেলা সদরের পর্যটন মোটেল হলরুমে ‘Dialogue on Local Voices, Global Rights: CSO Action on UNSCR 1325 and WPS Agenda’ শীর্ষক সংলাপে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (BNPS) আয়োজনে, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং ইউএন উইমেনের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব (UNSCR 1325) এবং নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় বাস্তবতা, নারীর অংশগ্রহণ এবং নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত না করে কোনো সমাজে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীদের শুধু সুবিধাভোগী হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণকারী ও নেতৃত্বদানকারী হিসেবেও সম্পৃক্ত করতে হবে।

তারা বলেন, UNSCR 1325 শুধু সংঘাত-পরবর্তী সময়ে নারীর সুরক্ষার বিষয় নয়। সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা, সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো।

সংলাপে খাগড়াছড়ির নারীদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো বৈচিত্র্যময় ও দুর্গম অঞ্চলের নারীদের অভিজ্ঞতা ও মতামত নীতিনির্ধারণে যথাযথভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তৃণমূল পর্যায়ের নারী নেতৃত্ব ও নাগরিক সমাজের কণ্ঠস্বরকে জাতীয় নীতি ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে যুক্ত করতে হবে।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই এ সংলাপের মূল উদ্দেশ্য। সংলাপ থেকে পাওয়া সুপারিশগুলো সংশ্লিষ্ট অংশীজনদের কাছে তুলে ধরে ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, WPS-এর প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট ও ফোকাল পার্সন তানিয়া শারমিন, খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডেপুটি ডিরেক্টর নাসরীন বেগম এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা।

এ ছাড়া সংলাপে নারী নেত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *