খাগড়াছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক সভা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন /
খাগড়াছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক সভা

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, সঠিক পড়াশোনার কৌশল এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে খাগড়াছড়িতে একটি অনুপ্রেরণামূলক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, পরীক্ষার আগের সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা, আত্মবিশ্বাস ও সততার মাধ্যমে ভালো ফল অর্জন সম্ভব। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুজেন্দ্র-মল্লিকা কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শেষ সময়ে নতুন বই বা বিষয় না পড়ে পাঠ্যবইভিত্তিক প্রস্তুতি, গুরুত্বপূর্ণ অধ্যায়ের পুনরাবৃত্তি এবং পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করাই সাফল্যের মূল চাবিকাঠি।
সভায় পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার অভ্যাস গড়ে তোলা, সিলেবাস ও পাঠ্যবইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, প্রশ্ন বুঝে উত্তর লেখার অনুশীলন, পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা, অযথা ভয় ও চাপ এড়িয়ে স্বাভাবিক থাকা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।
এছাড়া সভায় ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা এবং মনি ভূষণ ত্রিপুরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় ও প্রত্যন্ত এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।